Views Bangladesh Logo

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ আছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। নাটোরের ওপর দিয়ে বাস চলাচলে বাধা দেওয়া নিয়ে এ ঘোষণা দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার সঙ্গে রাজশাহীর বাস যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পরিবহন শ্রমিকরা জানান, বিরোধের সূত্রপাত নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের মালিকানাধীন 'আদনান পরিবহন' নামের একটি বাসকে কেন্দ্র করে। বাসটি নির্ধারিত নিয়ম না মেনে রংপুর-রাজশাহী রুটে চলাচল করায় দুই জেলার পরিবহন খাতে উত্তেজনা তৈরি হয়।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, সকালে নাটোরে রাজশাহীর বাস আটকে দেওয়া হয়। নিয়ম মানতে বললে নাটোরের পক্ষ থেকে জানানো হয়, বাস এভাবেই চলবে, না হলে রাজশাহীর বাস চলতে দেওয়া হবে না। পরে নাটোরে ঢাকাগামী বাসের কাউন্টারও বন্ধ করে দেওয়া হয়, ফলে রাজশাহী থেকেও ঢাকার বাস ছাড়তে পারছে না।

তবে বাস আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ। তিনি দাবি করেন, বরং সকালে রাজশাহীতেই তাদের সাত-আটটি বাস আটকে দেওয়া হয়েছে। আগের দিনের বিরোধ সমাধান হলেও রাজশাহী নিজেদের মতো চলতে চাওয়ায় পরিস্থিতি আবার জটিল হয়ে উঠেছে বলে তিনি দাবি করেন।
কবে নাগাদ পরিস্থিতির সমাধান হবে, সে বিষয়ে উভয় পক্ষের কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ