বরিশাল থেকে সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
মহাসড়কে থ্রি-হুইলার ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বরিশালে বাস মালিক ও শ্রমিকদের আন্দোলনের কারণে সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর থেকে বাস মালিক ও শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। এর পর থেকেই বরিশাল থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, বাস মালিকেরা সরকারকে রাজস্ব দিয়ে নিয়ম মেনে ব্যবসা করছেন। কিন্তু মহাসড়কে অবৈধ যানবাহন ও থ্রি-হুইলার চলাচলের কারণে বাসে যাত্রী কমার পাশাপাশি দুর্ঘটনাও বেড়েছে।
তিনি বলেন, থ্রি-হুইলার মালিক সমিতি ও শ্রমিকদের সঙ্গে একাধিক বৈঠকের পর তাদের চলাচলের বিষয়ে লিখিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু থ্রি-হুইলার চালকেরা সেই সিদ্ধান্ত মানছেন না। তাঁরা বাসের কাউন্টার আটকে যাত্রী তুলছেন এবং নগরী থেকে বিভিন্ন উপজেলায় যাতায়াত করছেন। নিষেধ করা হলেও কাউন্টার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলেও অভিযোগ করেন তিনি।
মোশারফ হোসেন আরও বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন ও থ্রি-হুইলার চলাচলের কারণে দুর্ঘটনা বেড়েছে। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো সমাধান হয়নি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বরিশাল থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
যাত্রীরা বলেন, সাধারণ যাত্রীদের জিম্মি করে এ ধরনের আন্দোলন করা উচিত নয়। তাঁদের মতে, বাস চলাচল বন্ধ না করে অন্যভাবে আন্দোলন করে সরকারের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা উচিত।
তাঁরা বলেন, প্রয়োজনের কারণে দূরপাল্লার যাত্রীদের বাসে চলাচল করতে হয়। কিন্তু টার্মিনালে এসে বাস বন্ধ থাকায় তাঁরা বিপাকে পড়েছেন। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান তাঁরা।
মতামত দিন