দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে পস্তাতে হবে না: মার্কিন রাষ্ট্রদূত
দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানে সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
ক্রিস্টেনসেন বলেন, একটা খুব গুরুত্বপূর্ণ কারণে আমি এখানে এসেছি। গতরাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটা জয় পেয়েছে যুক্তরাষ্ট্র এবং পরবর্তী পর্বে চলে গেছি। সুতরাং আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী ও সব বাংলাদেশিকে উৎসাহিত করতে এসেছি, যাতে সামনের দিনে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন। কেননা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে আপনাকে কখনো পস্তাতে হবে না।
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাওয়ার ঠিক আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের এ বৈঠক হলো। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এই বৈঠককে রুটিন হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলে দীর্ঘমেয়াদে উপকৃত হওয়ার সুযোগ থাকবে বলে জানান।
এদিকে, মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর ছয় দিনের প্রথম সফর শুরু হচ্ছে রোববার। চীন সফরের প্রথম দুদিন ২৩ থেকে ২৪ জুন দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-ডব্লিউইএফের সম্মেলনের পাশাপাশি দ্বিপক্ষীয় বিভিন্ন বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
২৫ জুন বিকালে চীনের গ্রেট হলে চীনা প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে জানান পররাষ্ট্র সচিব। পরদিন ২৬ জুন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে।
চীনের সঙ্গে শিক্ষা, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, মিডিয়া কোঅপারেশন এবং গ্রিন এনার্জি খাতে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) ও দুটি চুক্তি সই হওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
মতামত দিন