সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের গেটে তালা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সকল গেটে তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি সাদা দলের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।
উপাচার্য পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, গত ৭ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি আমরা। উপাচার্যের বিরুদ্ধে আর্থিক ও নিয়োগ দুর্নীতি, টেন্ডার কেলেঙ্কারি, স্বেচ্ছাচারিতা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি ও দুর্ব্যবহার, পদোন্নতি বন্ধ রাখা এবং নিম্নমানের সামগ্রী কেনার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, এসব বিষয়ে সতর্ক করার পরও কোন প্রতিকার না পাওয়ায় প্রশাসনিক ভবনের সকল গেটে তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এতে কিছুটা ভোগান্তি হলেও ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে। উপাচার্য পদত্যাগ না করলে আন্দোলন আরও কঠোর অবস্থানে যাবে।
ইতিপূর্বে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেছেন।
মতামত দিন