দ্বিতীয় পদ্মা সেতুর স্থান এখনো চূড়ান্ত নয়, সম্ভাব্যতা যাচাই হচ্ছে ফের: সেতুমন্ত্রী
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিয়ে নতুন করে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে সেতুটি কোথায় নির্মাণ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রোববার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী এ তথ্য জানান।
শেখ রবিউল আলম বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি বিএনপির নির্বাচনি ইশতেহারে ছিল। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ আগেই করা হয়েছিল। তবে নতুন সরকার সেই সমীক্ষা আবার পর্যালোচনা করছে।
তিনি বলেন, পদ্মা দ্বিতীয় সেতুর ফিজিবিলিটি টেস্ট আগে হয়েছিল। বেশ আগে হয়েছিল। ওই ফিজিবিলিটি স্টাডিটা আমরা আবার একটু রিচেক করে দেখছি।
সেতুটি কোথায় নির্মাণ করা হতে পারে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাটুরিয়া ঘাট বা আশপাশের কোনো এলাকায় নির্মাণের সম্ভাবনা বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই শেষ হওয়ার পরই সেতুর অবস্থান ও প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকার বড় প্রকল্পের পরিবর্তে জনবান্ধব ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছে। সরকারের কাছে উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং দেশের মানুষের সক্ষমতা বৃদ্ধি করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
এ প্রসঙ্গে তিনি বলেন, শুধু অপ্রয়োজনীয় মেগা প্রকল্পে আমাদের থাকার ইচ্ছা নেই। জনবান্ধব মেগা প্রকল্প যেগুলো আছে, সেখানে আমরা গুরুত্বটা বেশি দিতে চাই।
সড়ক যোগাযোগের ক্ষেত্রে ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান মন্ত্রী। চট্টগ্রামের সঙ্গে ঢাকার দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে এ প্রকল্পকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী জানান, এ প্রকল্পের অর্থায়নের ধরন নিয়েও আলোচনা চলছে এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
মতামত দিন