ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহতের ঘটনায় ৬ বাসে আগুন, মহাসড়ক অবরোধ
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা অন্তত ছয়টি বাসে আগুন দিয়েছে এবং ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই ট্রাকের চাকা ফেটে সেটি মহাসড়কে উল্টে যায়। এ সময় সড়কে ছড়িয়ে পড়া ডিম কুড়াতে স্থানীয় লোকজন জড়ো হলে পেছন থেকে আসা নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা অন্তত ছয়টি বাসে আগুন ধরিয়ে দেন এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ডিমবোঝাই ট্রাকের চালক ছাড়াও সোয়াদী এলাকার জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০) রয়েছেন। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং দুর্ঘটনার কারণ ও অগ্নিসংযোগের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন