কুস্তির মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পড়লেন খেলোয়াড়
কুমিল্লার লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতার মঞ্চে এক খেলোয়াড় অসুস্থ হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদ্রাসাসংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম হেলাল উদ্দিন মজুমদার (৫৩)। তিনি লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘বলী হেলাল’ নামে পরিচিত ছিলেন এবং কোঁয়ার বাজারে একটি মুদিদোকান চালাতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কুস্তি টুর্নামেন্ট চলছিল। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে কুস্তি চলাকালে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে লড়াইয়ের সময় হেলাল উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাঠেই মারা যান।
একাধিক ভিডিওতে দেখা যায়, রেফারির উপস্থিতিতে কুস্তি শুরু হলে প্রতিপক্ষ খেলোয়াড় তাকে মাটিতে ফেলে কিছু সময় ধরে নিয়ন্ত্রণে রাখেন। একপর্যায়ে হেলাল উদ্দিনের নড়াচড়া বন্ধ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করা হয়।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে কয়েকশ দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকরা মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে