সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে : প্রতিমন্ত্রী
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি আরও জানান, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে। এই সময়ের মধ্যেই নতুন বগুড়াসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও সম্পন্ন করা হবে।
মঙ্গলবার (১৯ মে) নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিষয়ে বগুড়ায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচনের তফসিল মূলত বাজেট বরাদ্দের ওপর নির্ভর করবে এবং সেই অনুযায়ী কোন নির্বাচনটি আগে অনুষ্ঠিত হবে তা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
তিনি আরও উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচন করা হবে।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সঙ্গে বিপুল অর্থ বরাদ্দের বিষয় জড়িত। আগামী বাজেটে স্থানীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে।
এ সংক্রান্ত ব্যয়ের বিবরণ জানতে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে