অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়ে তা ২০২৭ সালের অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তথ্য উপদেষ্টা আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এরইমধ্যে রোড ম্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন।
এ সময় অতিরিক্ত বিদ্যুৎবিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গত জুনে অতিরিক্ত বিদ্যুৎবিল আসার ব্যাপারে জনগণের অভিযোগ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে ডা. জাহেদ বলেন, দেশে খাদ্য চাষ এবং সংরক্ষণ পর্যায়ে খাদ্যপণ্যে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেশের খাদ্য ব্যবসায়ীদের ডাটা সংগ্রহ করে একটি তথ্য ভান্ডার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসার সঙ্গে জড়িতদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এর সঙ্গে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়াও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম কটূক্তির বিষয়ে উপদেষ্টা বলেন, জুলাই নিয়ে কটূক্তি করা, মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক। তবে আইনি কাঠামো অনুযায়ী এটি অপরাধের পর্যায়ে পড়ে না। এসব মন্তব্য ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করা হবে কিনা সেই আলোচনা চলতে পারে।
মতামত দিন