আগস্টে তফসিল, অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি
আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের নির্বাচনের তফসিল চলতি জুলাইয়ের শেষ দিকে বা আগামী আগস্টে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বুধবার (২২ জুলাই) নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি নেই এবং যেগুলোর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে প্রথম ধাপের নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজন করা হতে পারে।
তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট সুবিধা আপাতত স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না। এছাড়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আদালতের নির্দেশনা ও প্রতিবেশী দেশগুলোর আইনি কাঠামো পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশনার বলেন, আইন সংশোধনের কারণে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো আশঙ্কা নেই। সংশোধিত আইন কার্যকর হলে সেটি অনুযায়ী, আর তা না হলে বিদ্যমান আইনেই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি পর্যালোচনার কাজ প্রায় শেষ। চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর নজরদারি রাখা হবে এবং সিটি করপোরেশনের প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণসংক্রান্ত আইনি অস্পষ্টতাও দূর করা হবে।
মতামত দিন