চলতি বছরের শেষে না হলে আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে আয়োজনের চেষ্টা করা হবে। তবে নির্ধারিত সময়ে তা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন কবে হতে পারে, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে। সেটি সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল।
মতামত দিন