স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারি নিয়ম-কানুন ও মেয়াদের বিষয়গুলো পর্যালোচনা করে সঠিক সময়ে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করা হবে এবং এ নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশাসক নিয়োগের কারণে নির্বাচন বিলম্বিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হবে না।
সকাল সাড়ে ১০টার দিকে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়নের যোগ্যতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রার্থীর ক্ষেত্রে দলের আদর্শ ও নীতির প্রতি সম্পৃক্ততা, জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দলের জন্য ত্যাগের বিষয়গুলো বিবেচনা করা হবে। একই পরিবারের দুই সদস্যকে মনোনয়ন দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
কিছু এলাকায় আওয়ামী লীগের কার্যালয় পুনরায় চালুর খবরে তিনি বলেন, আইন অনুযায়ী তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বিষয়টি সে অনুযায়ী দেখা হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপের শুরুতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, নয়াপল্টনের এই কার্যালয় থেকেই গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন কর্মসূচি পরিচালিত হয়েছে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বহু সমাবেশ হয়েছে, যা জনগণকে আন্দোলনে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি কাজ করছে। তার নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে এবং সরকার দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে