Views Bangladesh Logo

স্থানীয় সরকার নির্বাচনে ৬ হাজার কোটি টাকা খরচ হতে পারে: শাহে আলম

দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে চলতি বছর এসব নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার ধারণা, আগামী বছর থেকেই ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে পারে নির্বাচন কমিশন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম জানান, পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্ভাব্য প্রায় ৬ হাজার কোটি টাকার বাজেট দিয়েছে। এই অর্থের ব্যবস্থা রাখার প্রস্তুতি সরকারের রয়েছে। তবে চূড়ান্ত হিসাবে ব্যয়ের পরিমাণ কমবেশি হতে পারে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনেই আনুমানিক ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা পরিষদ নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে। অন্যদিকে পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলকভাবে ব্যয় কম হবে।

চলতি বছর নির্বাচন হওয়ার সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য দেখে তার মনে হচ্ছে, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে না। আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে। তবে ভোটের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট সচিবদের নিয়ে বৈঠক হয়েছে। চলতি মাসের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আরেকটি বৈঠক হতে পারে। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা থাকবেন। এরপর নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোতে পারে কমিশন।

সরকারের প্রত্যাশা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করা হোক—এটাই সরকারের চাওয়া। তবে কখন থেকে নির্বাচন শুরু হবে, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ওপরই ছেড়ে দিতে চান তিনি। কারণ নির্বাচন পরিচালনার দায়িত্ব কমিশনের।

এর আগে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার পর ভোটের সময়সূচি চূড়ান্ত করার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ