Views Bangladesh Logo

জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ দেখছে না কমিশন। পরীক্ষা শেষ হওয়ার পর জানুয়ারি থেকে নির্বাচন শুরু করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

তিনি বলেন, সাধারণত নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ছাড়া পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ফলে ওই সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন। শিক্ষার্থীদের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, সম্ভাব্য তফসিলের তারিখ থেকে ৪০ থেকে ৪৫ দিন ব্যবধান রেখে ভোট আয়োজনের কথা ভাবা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।

স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালি করতে হয় কি না—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, এ ধরনের কোনো নজির নেই। নির্বাচন আয়োজনের জন্য সরকারের কাছে নির্বাচন উপযোগী এলাকার তালিকা চাওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ