Views Bangladesh Logo

প্রতীক বিষয়ে সিদ্ধান্তের পর স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দলীয় প্রতীকে নির্বাচন হবে কি-না, সে বিষয়ে জাতীয় সংসদে সিদ্ধান্তের পর স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম । তিনি বলেন, প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, সংসদে আইন আকারে পাশ করা হলে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে।


মঙ্গলবার (৩ মার্চ) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মকতা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সিসিকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক বা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করা হয়েছে এবং সেটা অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে।


তিনি বলেন, দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে একটা অধ্যাদেশ অন্তবর্তীকালীন সরকার জারি করেছেন। আগামী ১২ মার্চ অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পার্লামেন্ট (সংসদ) কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবেন না এটা ওইদিন সিদ্ধান্ত হবে।


সিটি করপোরেশনের মেয়রের মত ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগ দেওয়া হবে কি-না, সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায় থেকে সিদ্ধান্ত আসলে ওয়ার্ড পর্যায়েও প্রশাসক দেওয়া হবে।

সিলেট সিটি করপোরেশনে (সিসিক) চলমান ও প্রক্রিয়াধীন সব প্রকল্পের নিয়ে আলোচনা করে সিলেটের জলাবদ্ধতা, খাল খনন সহ নতুন প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।


তাছাড়া সুরমা নদী এবং ছড়া বা খালের প্রকল্প নতুন করে উপস্থাপন করলে মন্ত্রণালয় থেকে একনেক বা প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে বলে জানান।


এর আগে সকালে সংক্ষিপ্ত সফরে সিলেট আসেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রথমেই তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ