আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বৃহস্পতিবার চূড়ান্ত হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের তারিখ আগামী বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি। এমনকি কমিশন যে সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে, সে সম্পর্কেও সরকার অবগত নয় বলে জানান তিনি।
তবে নির্বাচন কমিশন ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক পরিকল্পনা করেছে। সোমবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সাত ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক সূচি অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন ১২ নভেম্বর করার কথা ভাবা হচ্ছে।
ইসি সূত্রের প্রাথমিক পরিকল্পনায় দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর আয়োজনের কথা রয়েছে। এরপর চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি এবং ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল ভোট নেওয়ার সম্ভাব্য তারিখ রাখা হয়েছে।
সবশেষ সপ্তম ধাপে আগামী বছরের ২৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব তারিখ এখনো চূড়ান্ত নয় এবং প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তন হতে পারে।
আগামী বৃহস্পতিবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি, প্রশাসনিক বিষয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মতামত দিন