পাউবো নয়, স্লুইসগেটের রক্ষণাবেক্ষণে থাকবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পরিবর্তে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হাতে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এতে প্রয়োজনের সময় দ্রুত স্লুইসগেট খুলে পানি নিষ্কাশন করা সম্ভব হবে এবং জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমবে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, কালভার্ট ও বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। তিনি বলেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত সংস্কারে সরকার কাজ করছে।
এর আগে পেকুয়া উপজেলা কেন্দ্রীয় মাঠে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মধ্যে ঘর নির্মাণের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নির্মাণসামগ্রী তুলে দেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক বন্যায় পেকুয়া ও আশপাশের এলাকায় সড়ক, ঘরবাড়ি এবং বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার ও রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে এবং ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা দেবে।
তিনি আরও বলেন, অতীতের মতো এবারও আলহাজ শামসুল হক ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। গৃহহীন পরিবারগুলোর জন্য ঘর নির্মাণের উপকরণ দিয়ে প্রতিষ্ঠানটি মানবিক দায়িত্ব পালন করেছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০টি ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে পেকুয়ার ২০টি পরিবারের মধ্যে ঘর নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোকেও সহায়তা দেওয়া হবে।
এর আগে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
মতামত দিন