স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের জন্য নির্মিত স্লুইসগেটগুলোর দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে না রেখে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে যথাসময়ে এসব গেটের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব পালন করবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের মধ্যে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যা প্রতিরোধে কোনো মহাওষুধ এখনো আবিষ্কার হয়নি। নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রাকৃতিক বাস্তবতা। এ কারণে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেট স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ— এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু পালনকারীদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যাদের বীজতলা, চারা কিংবা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।
প্রধানমন্ত্রী জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জনবান্ধব ও দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।
অনুষ্ঠানে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বন্যায় গৃহহীন ২০টি পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়। প্রতিটি পরিবারকে একটি খাটসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীও উপহার দেওয়া হয়।
মতামত দিন