Views Bangladesh Logo

সরকারি খাতায় ‘মৃত’ জীবিত বৃদ্ধা মমিনা, ভাতা পান না ৩ বছর

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার তেঁতুলিয়া গ্রামের ৮৯ বছর বয়সী বৃদ্ধা মমিনা বেগম। জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে তাকে ‘মৃত’ দেখানো হয়েছে। ফলে টানা তিন বছর ধরে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে তার।

স্থানীয়দের অভিযোগ, একজন জনপ্রতিনিধির দায়িত্বহীন সুপারিশ এবং যথাযথ যাচাই ছাড়াই সমাজসেবা অধিদপ্তর তাকে মৃত হিসেবে তালিকাভুক্ত করায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, ২০২৩ সালের আগস্টে ভাতাভোগীদের তথ্য যাচাই শুরু করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। ওই সময় জীবিকার তাগিদে মমিনা বেগম ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে তাকে না পেয়ে তৎকালীন সংরক্ষিত মহিলা কাউন্সিলর বাবলী আরা কোনো খোঁজখবর না নিয়েই তাঁকে ‘মৃত’ উল্লেখ করে পৌর মেয়রের কাছে সুপারিশ পাঠান। সেই সুপারিশের ভিত্তিতেই সমাজসেবা দপ্তর তার নাম মৃত হিসেবে তালিকাভুক্ত করে এবং বয়স্ক ভাতা বন্ধ করে দেয়।

ঢাকা থেকে ফিরে বিষয়টি জানতে পেরে মমিনা বেগম সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু সরকারি নথিতে মৃত দেখানো থাকায় ভাতা চালু করা সম্ভব হয়নি। পরে পৌরসভা ও সমাজসেবা দপ্তরে একাধিকবার ধর্না দিলেও সমস্যার সমাধান হয়নি।

বর্তমান প্রশাসনের তদন্তে তিনি জীবিত প্রমাণিত হন এবং পৌর প্রশাসক তাকে একটি প্রত্যয়নপত্রও দেন। কিন্তু সেই প্রত্যয়নপত্র জমা দেওয়ার পরও এখন পর্যন্ত তাঁর ভাতা চালু হয়নি।

মমিনা বেগমের পুত্রবধূ আমিনা বেগম বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। শাশুড়ির চিকিৎসা ও খাবারের খরচ জোগাতে তারা হিমশিম খাচ্ছেন। সরকারি এই ভাতাই ছিল তাঁর চিকিৎসার একমাত্র ভরসা।

বৃদ্ধা মমিনা বেগম আক্ষেপ করে বলেন, আর কয়দিন বাঁচব জানি না। ভাতার টাকাটা পেলে অন্তত ওষুধগুলো কিনে খেতে পারতাম। এখন টাকার অভাবে সেটাও পারছি না।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, পৌরসভার পাঠানো কাগজের ভিত্তিতেই সার্ভারে তাকে মৃত দেখানো হয়েছিল। তবে বিষয়টি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। নতুন বরাদ্দ এলেই তার ভাতা পুনরায় চালু করা হবে।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তৎকালীন মহিলা কাউন্সিলর বাবলী আরার ভুল সুপারিশের কারণেই এ জটিলতা তৈরি হয়েছে।

অভিযুক্ত ওই কাউন্সিলরের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ