Views Bangladesh Logo

ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ অধিদপ্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্ক করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। শনিবার (২ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র (ইমপোর্ট পারমিট) প্রচারিত হচ্ছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে প্রতীয়মান হয়েছে যে, প্রচারিত অনুমতিপত্রটি ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রস্তুত করা হয়েছে।

এই অনুমতিপত্রের সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার সামঞ্জস্য পাওয়া যায়নি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই অনুমতিপত্রটি অধিদপ্তর থেকে ইস্যু করা হয়নি। এতে ব্যবহৃত তথ্য, স্মারক নম্বর ও স্বাক্ষরসমূহ কোনোটিই যাচাইযোগ্য নয়। ফলে এটিকে কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য করা হবে না।

সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে যাচাই ছাড়া এ ধরনের ভুয়া নথি শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে দিয়েছে যে, যারা এই ভুয়া তথ্য ও নথি প্রচারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

সঠিক তথ্যের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (www.dls.gov.bd) ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ