Views Bangladesh Logo

শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে শুরু হতে যাচ্ছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬।

শনিবার (৩১ জানুয়ারি) এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত এই আসরে অংশ নেবে তিনটি দল।

টুর্নামেন্টে অংশ নেওয়া তিন দলের নাম ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ।

ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের অধিনায়কত্বে থাকবেন জাতীয় দলের আরেক তারকা ব্যাটার ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দুরন্ত একাদশের নেতৃত্বে থাকছেন আকবর আলী।


প্রতিটি দলের জন্য আলাদা কোচিং প্যানেল গঠন করেছে বিসিবি। ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল।


দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের কোচিং প্যানেলে রয়েছেন প্রধান কোচ হান্নান সরকার ও সহকারী কোচ রাজিন সালেহ আলম।


এবারের টুর্নামেন্টে নতুনভাবে যুক্ত করা হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ধারণা, যা ম্যাচের কৌশলগত দিককে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছে বিসিবি।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ৯ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্টে মোট পুরস্কারমূল্য ও খেলোয়াড়দের পারিশ্রমিক মিলিয়ে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা।

দর্শকদের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে বিভিন্ন গ্যালারি অনুযায়ী। ইস্টার্ন গ্যালারির টিকিট ১০০ টাকা, নর্দান ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা, ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ