Views Bangladesh Logo

রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়াল ছোট্ট মেয়ে, ভিডিও ছড়ানোর পর মিলল মুক্তি

বরিশালের উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে মারধর করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। রাতভর সেখানে আটকে থাকার পর সকালে বাবার এমন অবস্থার কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট শিশুসন্তান। সঙ্গে করে নিয়ে আসে চা ও রুটি। পরে খুঁটিতে বাঁধা বাবাকে নিজের হাতে রুটি খাইয়ে দেয় শিশুটি।

শনিবার সকালে বামরাইল বাজারে ঘটে যাওয়া এই দৃশ্যের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, খুঁটির সঙ্গে বাঁধা বাবার পাশে দাঁড়িয়ে আছে শিশুটি। একপর্যায়ে সঙ্গে করে আনা রুটি বাবাকে নিজের হাতে খাইয়ে দেয় সে। এ সময় আশপাশে কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে সামাজিকমাধ্যমে ঘটনাটির সমালোচনা করেন। চুরির অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে এভাবে আটকে রাখা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তারা। একই সঙ্গে একজন মানুষকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনাকে অমানবিক বলেও মন্তব্য করেন অনেকে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাতে উজিরপুর উপজেলার বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টা করার সময় অনিক সরদার স্থানীয় লোকজনের হাতে আটক হন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। রাতভর তিনি সেখানেই ছিলেন।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন বলেন, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা অনিককে মুক্ত করে দেন। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ