Views Bangladesh Logo

লিটনের চোটে ২৫ লাখ টাকা ব্যয়, তদন্তের মুখে বিসিবির মেডিকেল বিভাগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোটের চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগকে জবাবদিহির মুখে পড়তে হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে কাফ মাসলে চোট পাওয়ার পর প্রথমে সেটিকে গুরুতর নয় বলে মনে করা হয়েছিল। সেই ভিত্তিতেই তাকে টি-টোয়েন্টি ও জিম্বাবুয়ে সফরের দলে রাখা হয়। কিন্তু চোটের কারণে তিনি কোনো ম্যাচেই খেলতে পারেননি।

দেশে একাধিকবার স্ক্যান করানো হলেও বড় কোনো সমস্যা ধরা পড়েনি। তবে ব্যথা অব্যাহত থাকায় উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য লিটনকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় তার পায়ে ফোলা (সোয়েলিং) শনাক্ত হয়। বর্তমানে তিনি পুনর্বাসন (রিহ্যাব) প্রক্রিয়ার মধ্য দিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করছেন।

লিটনের চিকিৎসা, জিম্বাবুয়ে ও সিঙ্গাপুরে যাতায়াত এবং অন্যান্য খরচ মিলিয়ে বিসিবির প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

এ ঘটনায় বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় মেডিকেল বিভাগের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হয়েছে। জানা গেছে, বিসিবি সভাপতি তামিম ইকবালও এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর বার্তা দিয়েছেন।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, মেডিকেল বিভাগের ছাড়পত্র পাওয়ার পরই লিটনকে দলে রাখা হয়েছিল। সে সময় স্ক্যান রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা না পড়লেও পরবর্তীতে ব্যথা না কমায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

শুধু লিটন নন, বর্তমানে নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসানও চোটে ভুগছেন। একাধিক খেলোয়াড়ের ইনজুরি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠায় বিসিবির একজন পরিচালকের নেতৃত্বে মেডিকেল বিভাগের কার্যক্রম তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত শেষে একটি বিস্তারিত প্রতিবেদন বোর্ডের কাছে জমা দেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ