Views Bangladesh Logo

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬’। আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে—‘জনগণ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।

কেবল সাধারণ পড়া-লেখা ও গণনার প্রাথমিক যোগ্যতাই নয়; বরং সামগ্রিক মানব উন্নয়ন, পরিবেশ সচেতনতা এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধির মূল ভিত্তি হিসেবে সাক্ষরতাকে প্রতিষ্ঠা করাই এবারের প্রতিপাদ্যের প্রধান লক্ষ্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-এর হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশে সাক্ষরতা প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও জনসংখ্যার একটি অংশ এখনো কাঙ্ক্ষিত শিক্ষা ও আধুনিক দক্ষতার বাইরে রয়ে গেছে। সরকার এখন কেবল অক্ষরজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে ঝরে পড়া শিশু, প্রান্তিক জনগোষ্ঠী ও শিক্ষাবঞ্চিত বয়স্কদের ব্যবহারিক সাক্ষরতা, কারিগরি দক্ষতা ও বৃত্তিমূলক শিক্ষার আওতায় আনতে অগ্রাধিকার দিচ্ছে।

সংবিধানের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র সার্বজনীন, অবৈতনিক ও বাধ্যবাধকতামূলক শিক্ষা প্রদান এবং নিরক্ষরতা দূরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। এই সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা, বয়স্ক শিক্ষা ও জীবনমুখী নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে একটি আলোচনা সভা এবং ‘উপানুষ্ঠানিক শিক্ষা পুরস্কার’ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধিরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ