Views Bangladesh Logo

চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা তৈরি করা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব

চাঁদাবাজি ও উৎকোচ আদায়কারীদের নিরপেক্ষ একটি তালিকা তৈরি করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ তালিকায় যার নামই থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তালিকা প্রস্তুত হলেই সবার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ১৫টি র‍্যাব ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তালিকায় যার নামই থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

র‍্যাব কর্মকর্তা জানান, চাঁদাবাজি শুধু একটি নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। মহাসড়কে পরিবহন খাতে চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজিকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। ছোট-বড় সব পর্যায়ের অপরাধীদের বিবেচনা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ভয় বা নিরাপত্তার কারণে ভুক্তভোগীরা অভিযোগ করেন না। এসব ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মিলিয়ে তালিকা তৈরি করা হচ্ছে।

রাজনৈতিক ব্যক্তিরা তালিকায় এলে কী হবে—এমন প্রশ্নের জবাবে ইন্তেখাব চৌধুরী বলেন, “তালিকা সম্পূর্ণ নিরপেক্ষ হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হবে না। অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাজ যত দ্রুত সম্ভব শেষ করা হবে এবং মাঠপর্যায়ের অভিযান শুরু হবে। এটি আজ থেকেই শুরু হতে পারে।”

র‍্যাব জানিয়েছে, তালিকা প্রস্তুতির কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ