ইউই কর্নেল্লা ক্লাবের মালিকানা কিনলেন মেসি
আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি এবার নাম লেখালেন ক্লাব মালিকানার খাতায়। কাতালানিয়ার ঐতিহাসিক ক্লাব ইউই কর্নেল্লা কিনে নিয়েছেন ইন্টার মায়ামি অধিনায়ক। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মালিকানা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত বার্সেলোনার প্রতি গভীর টান এবং তৃণমূল থেকে ফুটবল প্রতিভা তুলে আনার লক্ষ্যেই মেসির এই নতুন পথচলা।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি স্প্যানিশ ফুটবলে প্রতিভা অন্বেষণের অন্যতম উর্বর কেন্দ্র হিসেবে পরিচিত। মজার বিষয় হলো, মেসির বর্তমান ও সাবেক অনেক সতীর্থই এই ক্লাবের একাডেমি থেকে উঠে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন জর্দি আলবা, জাভি পুয়াদো, ডেভিড রায়া এবং জেরার্ড মার্টিনের মতো তারকা ফুটবলাররা।
ফুটবলের তৃণমূল পর্যায়ে কাজ করার ইচ্ছা মেসি বরাবরই পোষণ করে আসছিলেন। গত ডিসেম্বরে মিয়ামিতে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ‘মেসি কাপ’ আয়োজন করে তিনি সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন। এবার সরাসরি একটি ক্লাবের মালিকানা গ্রহণের মাধ্যমে নিজের সেই স্বপ্নকে প্রাতিষ্ঠানিক রূপ দিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মালিকানায় মেসির আগমনে ইউই কর্নেল্লো ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মেসির দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কৌশলগত দূরদর্শিতা ক্লাবটির ক্রীড়া এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর আমূল পরিবর্তন ঘটাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে