Views Bangladesh Logo

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার প্রচারণায় লিওনেল মেসি

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে এবার দেখা গেল সুপারহিরো স্পাইডার-ম্যানের সঙ্গে। মার্ভেল স্টুডিওসের আসন্ন চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর একটি নতুন প্রচারণামূলক টিজারে স্পাইডার-ম্যানের পাশে উপস্থিত হয়ে ভক্তদের চমকে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সংক্ষিপ্ত এই প্রচারণামূলক ভিডিওতে মেসি ও স্পাইডার-ম্যানকে একসঙ্গে দেখা গেলেও তিনি সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় নেই। মূলত চলচ্চিত্রটির প্রচারণার অংশ হিসেবেই তার উপস্থিতি রাখা হয়েছে। তবে ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ব্যতিক্রমী জুটি।

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার মাধ্যমে আবারও পিটার পার্কার চরিত্রে ফিরছেন টম হল্যান্ড। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’–এর ঘটনার পর নতুন গল্প নিয়ে এগোবে এই সিনেমা। ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পৃথিবীর সবাই পিটার পার্কারের পরিচয় ভুলে যাওয়ার পর তিনি একা ও সাধারণ মানুষের কাছাকাছি থাকা এক সুপারহিরো হিসেবে নতুন জীবন শুরু করেন। সেই নতুন অধ্যায় নিয়েই নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) চতুর্থ স্পাইডার-ম্যান সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা, এরিক সোমার্স ও জাস্টিন কুরিটজকেস।

টম হল্যান্ডের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন জেনডায়া, জ্যাকব ব্যাটালন, স্যাডি সিংক, জন বার্নথাল (ফ্র্যাঙ্ক ক্যাসেল/দ্য পানিশার) এবং মার্ক রাফালো (ব্রুস ব্যানার/দ্য হাল্ক)।

মার্ভেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার স্পাইডার-ম্যানকে আরও বাস্তবধর্মী পরিবেশে তুলে ধরা হবে। নিউইয়র্ক শহরের ‘পাড়ার নায়ক’ হিসেবে পিটার পার্কারের জীবন ও তার সামনে আসা নতুন এক শক্তিশালী হুমকিকে কেন্দ্র করেই এগোবে সিনেমার গল্প।

চলচ্চিত্রটির নাম নেওয়া হয়েছে ২০০৮ সালের জনপ্রিয় মার্ভেল কমিকস ‘ব্র্যান্ড নিউ ডে’ থেকে, যেখানে স্পাইডার-ম্যানের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।

স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন স্থানে, বিশেষ করে পাইনউড স্টুডিওতে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ সিক্স–এর অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র।

এরই মধ্যে প্রচারণায় লিওনেল মেসির আকস্মিক উপস্থিতি সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। ফুটবল ও মার্ভেল—দুই জগতের জনপ্রিয় এই দুই নামকে একসঙ্গে দেখে ভক্তদের উচ্ছ্বাস এখন সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ