লিমন-বৃষ্টি হত্যা: হিশামের বিষয়ে পুলিশকে আগে থেকেই সতর্ক করেছিল পরিবার
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়েহর বিরুদ্ধে আগে থেকেই পরিবারের পক্ষ থেকে পুলিশকে সতর্ক করা হয়েছিল বলে দাবি করেছেন তার ছোট ভাই।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ২২ বছর বয়সী আহমাদ আবুগারবিয়েহ জানান, তার ভাইয়ের অস্বাভাবিক ও আক্রমণাত্মক আচরণ নিয়ে তারা একাধিকবার উদ্বেগ জানিয়েছিলেন।
তিনি বলেন, ভাই অত্যন্ত রাগী স্বভাবের ছিলেন এবং তার সঙ্গে অন্য কারও রুমমেট হিসেবে থাকা নিরাপদ ছিল না। একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে তাকে আলাদা থাকার পরামর্শও দেওয়া হয়েছিল।
আদালতের নথি ও স্থানীয় সূত্র অনুযায়ী, ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। নিহতদের মরদেহ টেম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।
তদন্তে জানা গেছে, ঘটনার সময় হিশামের ফোনের অবস্থানও ওই এলাকার কাছাকাছি পাওয়া যায়। এছাড়া ঘটনার আগের দিনগুলোতে তাকে সন্দেহজনকভাবে কিছু জিনিসপত্র ফেলে দিতে দেখা যায় বলে জানিয়েছেন তার এক রুমমেট।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালে তার বিরুদ্ধে সুরক্ষা আদেশের আবেদন করা হয়েছিল, যেখানে তার সহিংস আচরণের অভিযোগ ছিল। তবে পরে আর্থিক সীমাবদ্ধতা ও অন্যান্য কারণে মামলাটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
আহমাদ আবুগারবিয়েহ বলেন, আমরা আগেই পুলিশকে সতর্ক করেছিলাম, কিন্তু পরিস্থিতি এভাবে ভয়াবহ রূপ নেবে তা ভাবিনি।
তিনি নিহত দুই শিক্ষার্থীর পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা গভীরভাবে লজ্জিত ও অনুতপ্ত।
তদন্তকারীরা জানান, ঘটনার পূর্ণাঙ্গ কারণ উদঘাটনে কাজ চলছে এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে