Views Bangladesh Logo

চার জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের চার জেলায় বজ্রপাতে ছয় কৃষকসহ নয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে নেত্রকোনায় তিনজন, সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে দুজন এবং নোয়াখালীতে একজন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

নেত্রকোনা
নেত্রকোনার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।

উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোদারাঘাট এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নিহত হন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান জানান, সকালে তারা তিনজন ধনু নদে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রাঘাতে আব্দুল মোতালিব ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়া সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরের ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন কৃষক মোনায়েম খাঁ পালান। দুপুর দেড়টার দিকে ধান শুকানোর সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিকেল তিনটার দিকে কৃষ্ণপুরের ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে নিহত হন সিরাজগঞ্জের আকনাদিঘির চর এলাকার কৃষক মো. শুভ মণ্ডল।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরেকজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সুনামগঞ্জ
সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু এবং আরও তিনজন আহত হয়েছেন। সোমবার বিকেলে জেলার পৃথক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।

সদর উপজেলার বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২) ও আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন। একই সময় অন্য একটি স্থানে বজ্রপাতে জামালগঞ্জের নোয়াগাঁও গ্রামের আবু সালেহ (২২) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়। এ ছাড়া শান্তিগঞ্জ উপজেলার হাওরে ধান কাটার সময় আরও তিন কৃষক আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিক জানান, বজ্রাঘাতে আহত তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ
হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে নবীগঞ্জ উপজেলার গড়দার হাওরে ধান কাটার সময় কৃষক মকছুদ আলী (৪০) ঘটনাস্থলেই নিহত হন। বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় আব্দুস সালাম (৩৫) বাড়ির পাশ থেকে ধান আনতে গিয়ে বজ্রাঘাতে মারা যান।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, নিহত মকছুদ আলীর পরিবার দরিদ্র। তাদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী
নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার খাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মো. আনোয়ারুল আজিম জানান, আরাফাত দুপুরে বাদাম শুকাতে দিয়েছিলেন। বৃষ্টি শুরু হলে সেই বাদাম আনতে গেলে হঠাৎ বজ্রাঘাতে তার মৃত্যু হয়। হাতিয়া থানার ওসি কবির হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ