আট মাসে বজ্রপাতে মারা গেছেন ২৯৭ জন
বাংলাদেশে বজ্রপাতজনিত হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র আট মাসেই মারা গেছেন ২৯৭ জন এবং আহত হয়েছেন আরো ৭৩ জন।
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের (এসএসটিএফ) সমীক্ষা বলছে, বজ্রপাতে নিহতদের মধ্যে ২৪২ জন পুরুষ ও ৫৫ জন নারী রয়েছেন। মে মাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সমীক্ষা তুলে ধরে এসএসটিএফ।
সংস্থাটির জরিপে জানা গেছে, বজ্রপাতে ফেব্রুয়ারিতে একজন, মার্চে নয়জন, এপ্রিলে ৩১ জন, মে মাসে ৯৬ জন, জুনে ৭৭ জন, জুলাইয়ে ১৯ জন, আগস্টে ১৭ জন এবং সেপ্টেম্বরে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর খবর পাওয়া গেছে, যে জেলায় নিহত হয়েছেন ১৩ জন। এরপর ফেনীতে ১২ জন, কক্সবাজারে ১০ জন এবং জয়পুরহাট, হবিগঞ্জ ও গাইবান্ধায় ১০ থেকে ১৩ জন করে নিহত হয়েছেন।
বজ্রপাতের সময় হতাহতদের বেশিরভাগই ফসলের মাঠে কৃষিকাজে নিয়োজিত ছিলেন। গত আট মাসে, ক্ষেতে কাজ, বিশেষ করে ধান কাটা, ঘাস কাটা এবং গবাদিপশু পালনের সময় ১৫২ জন কৃষক প্রাণ হারিয়েছেন। তাদের ১৮ জন মারা গেছেন গরু চরাতে গিয়ে।
এছাড়া সাগরে ৫২ জন জেলে, আম তুলতে গিয়ে ১১ জন, ফাঁকা রাস্তায় চলার সময় ১৫ জন, বাড়িতে থাকা অবস্থায় ২৭ জন, পাথর তুলতে গিয়ে তিনজন, উঠোনে খেলতে গিয়ে ১৪ শিশু এবং গাড়িতে থাকা অবস্থায় একজন মারা গেছেন।
সংবাদ সম্মেলনে ছিলেন এসএসটিএফ-এর সাধারণ সম্পাদক মোঃ রশিম মোল্লা, রিসার্চ সেলের প্রধান আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, আইন উপদেষ্টা অ্যাডভোকেট ফারুক হোসেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে