সাজেকে বজ্রপাতে তিন মাসের শিশুর মৃত্যু, আহত ৫
রাঙামাটির সাজেক এলাকায় বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভাইবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম উজ্জ্বল চাকমা (৩ মাস)। আহতরা হলেন প্রদীপ চাকমা (৬৫), মায়া রানি চাকমা (৪৮), রেশমি চাকমা (২৮), জেরিন চাকমা (১৫) এবং নিজুম চাকমা (৩)।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ওই পরিবারের সদস্যরা বাঁশ ও টিনের ছাউনির ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে হঠাৎ বজ্রপাত সরাসরি ঘরের ওপর আঘাত হানে। এতে ঘুমন্ত অবস্থায় শিশুটির মৃত্যু হয় এবং পরিবারের অন্য সদস্যরা আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে