দেশের ৬ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস
দেশের ৬ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়াও দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এতে আরও বলা হয়, পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপটি অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং এটি উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, শুক্রবার ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত ৫০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এ ছাড়াও আজকের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁ জেলায় ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যৌথভাবে পটুয়াখালী ও খুলনা জেলায় রেকর্ড করা হয়। ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
মতামত দিন