Views Bangladesh Logo

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, গরম থেকে মিলতে পারে স্বস্তি

রাজধানী ঢাকায় রোববার (৭ সেপ্টেম্বর) দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হবে, যা নগরবাসীকে স্বস্তি এনে দিতে পারে।

পূর্বাভাস অনুসারে, সকাল সাতটা থেকে পরের ছয় ঘণ্টায় ঢাকা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। এ সময় ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।


শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।


অন্যদিকে, আগামী ৫ দিনে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ