Views Bangladesh Logo

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ মো. আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদ।

মামলার এজাহার ও রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাসায় ঢোকে পারভেজসহ একদল দুর্বৃত্ত। প্রথমে তারা বাসার বিভিন্ন মালামাল লুট করে। পরে ওই পুলিশ সদস্যের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর বিষয়টি জানাজানি হলে চকরিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি পারভেজ মো. আবুল কালামকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলার বিচারকাজে দীর্ঘ শুনানি শেষে আদালত উপস্থাপিত সাক্ষ্য, পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক পর্যালোচনা করেন। এসব পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের পরিবারের সদস্যের ওপর সংঘটিত এমন গুরুতর অপরাধের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের জন্য কঠোর বার্তা দেবে। পাশাপাশি এ রায়ের মধ্য দিয়ে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে বলেও তারা মন্তব্য করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ