Views Bangladesh Logo

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’ কী ইঙ্গিত করলেন শাবনূর

সালমান শাহ হত্যা মামলাকে ঘিরে নানা আলোচনা ও শাবনূরকে নিয়ে বিভিন্ন দাবি সামনে আসার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় বার্তা দিয়েছেন অভিনেত্রী শাবনূর।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী।’ তবে এই বার্তায় তিনি কাউকে উদ্দেশ করে কিছু বলেননি বা সালমান শাহ হত্যা মামলার প্রসঙ্গও সরাসরি উল্লেখ করেননি।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খল অভিনেতা ডন হককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তাঁর আগের জবানবন্দির তথ্য তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেছেন, সালমান শাহকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে মামলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সম্পৃক্ততা নিয়েও নানা আলোচনা চলছে। কেউ কেউ তাঁর গ্রেপ্তার দাবি করলেও সালমান শাহর মা নীলা চৌধুরী এ ধরনের দাবির সঙ্গে একমত নন। তিনি জানিয়েছেন, সালমানের সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল না; তাঁরা ভাই-বোনের মতো ছিলেন।

সালমান শাহ ও শাবনূর জুটি ঢালিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিল। ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে তাঁদের জুটি শুরু হয়। এরপর ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ ১৪টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তাঁরা।

শাবনূরের সাম্প্রতিক এই পোস্টের পর সালমান শাহ হত্যা মামলাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর বার্তার প্রকৃত উদ্দেশ্য কী, তা স্পষ্ট করেননি অভিনেত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ