৩ আইজিডব্লিউর কল বক্ল, ৩৩৪ আইএসপি কলসেন্টার ও আইপি ফোনের লাইসেন্স বাতিল
রাজস্ব বকেয়া শোধ না করায় এবং শর্ত না মানায় ৩টি আইজিডব্লিউর অপারেটরের শতভাগ কল ব্লক করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
এ ছাড়া মেয়াদ শেষ হওয়ায় এবং নবায়ন না করায় ৩৩৪টি আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি।
গতকাল মঙ্গলবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক মো. গোলাম রাজ্জাক স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা জারি করা হয়।
তিন আইজিডব্লিউ অপারেটর হচ্ছে গ্লোবাল ভয়েস টেলিকম লিমিটেড, রুটস কমিউনিকেশন লিমিটেড এবং ফার্স্ট কমিউনিকেশন লিমিটেড।
নির্দেশনায় বলা হয়েছে, আইজিডব্লিউ লাইসেন্সিং গাইডলাইন এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী আন্তর্জাতিক ইনকামিং–আউটগোয়িং কলগুলো সমভাবে সব আইওএস এবং আইসিএক্সের মধ্যে না পাঠানো, রাজস্ব ভাগাভাগি বাবদ কমিশনের বকেয়া এবং অপারেটরদের পাওনা পরিশোধ না করায় এই তিন অপারেটরের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের শতভাগ কল ব্লকের নির্দেশনা দেওয়া হয়েছে।
পৃথক আরেকটি নির্দেশনায় গতকাল ৩৩৪ কোম্পানির লাইসেন্স বাতিলের কথা জানানো হয়।
বিটিআরসি জানায়, এই ৩৩৪টি লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নবায়নের আবেদন না করায় এবং ইতিমধ্যে লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট গাইডলাইনের বিধান অনুযায়ী বাতিলযোগ্য হওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
বাতিল লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল সনদ কমিশনে জমা দিয়ে কমিশনের পাওনা বকেয়া থাকলে তা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে