মহান মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি: ডেপুটি স্পিকার
মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার ভিত্তি এবং জাতীয় চেতনার মূল স্তম্ভ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ত্যাগ ও সংগ্রামের ফলেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, গুম, ফাঁসির মঞ্চ এবং দীর্ঘ কারাবাস পেরিয়ে অনেকে এবারের সংসদে এসেছেন, যা বিশ্বে বিরল ঘটনা।
তিনি বলেন, জাতীয় সংসদ হচ্ছে জাতির দর্পণ, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার কথা।
তিনি আরও বলেন, এই সংসদে কেউ এসেছি ফাঁসির মঞ্চ থেকে, কেউ এসেছি গুম থেকে, কেউ আবার কারাগারে দীর্ঘ জীবন কাটিয়ে মজলুম হয়ে সংসদে এসেছেন। এমন সংসদ বিশ্বের বুকে বিরল। আমি সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়ে এখানে আসতে পেরেছি।
সংসদে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন এবং তাকে নির্বাচিত করায় সংসদ নেতা, প্রধানমন্ত্রীসহ সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তার নির্বাচনী এলাকা নেত্রকোনা-১ আসনের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, জাতির ইতিহাস ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে গড়ে উঠেছে। মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার ফলেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তিনি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
ডেপুটি স্পিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও স্মরণ করে বলেন, তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন এবং গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন।
চব্বিশের জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচন করেছে। জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগের কারণেই দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে