বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শ্বাসপ্রশ্বাস ও হৃদযন্ত্রসংক্রান্ত জটিলতা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী।
বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আজ ২২ অক্টোবর দুপুর ২টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে দেখতে গিয়েছিলেন। জাহিদ হোসেন তাদের পরিবার-দল ও সরকারের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে গিয়ে মঈন খানকে দেখে আসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বুধবার রাতে শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে মঈন খানকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে। জাহিদ হোসেন আরও জানান, গতকালের তুলনায় আজ তাঁর অবস্থার উন্নতি হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে আছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও হাসপাতালে গিয়ে মন্ত্রীকে দেখেন। সেখানে তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে মঈন খানের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
মতামত দিন