Views Bangladesh Logo

শেখ হাসিনার দেশে ফেরার জন্য দোয়া চেয়ে শাহজালাল মাজারের ডেগে চিঠি

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশে ফেরার জন্য দোয়া চেয়ে লেখা একটি চিঠি পাওয়া গেছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মাজার প্রাঙ্গণে তিনটি ডেগ ও তিনটি দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষের উপস্থিতিতে টাকা গণনা করা হচ্ছিল।

চিঠিতে শেখ হাসিনার ‘মৃত্যুর মুখ’ থেকে রক্ষা এবং তার হায়াত বাড়ানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনের পর দায়ের হওয়া ‘ষড়যন্ত্রমূলক মামলা’ থেকে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে রক্ষার আবেদন জানানো হয়েছে।

চিঠিতে লেখক হিসেবে ‘সজিব’ নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নিজেকে গাজীপুরের বাসিন্দা এবং সিলেট আওয়ামী লীগের সমর্থক হিসেবে উল্লেখ করেছেন।

চিঠিতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে লেখা হয়েছে, ‘হে আল্লাহ তুমি মহান! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন।’

চিঠিতে ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামের নিচে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ কথাটিও লেখা রয়েছে। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করা হয়েছে।

এদিন মাজারের ডেগ ও দানবাক্সে বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি আরও কয়েকটি চিঠি পাওয়া যায়। এসব চিঠিতে বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে প্রার্থনার কথা লেখা ছিল।

মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি ডেগ ও তিনটি দানবাক্সের টাকা গণনার কাজে ৩০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। বিপুল পরিমাণ নগদ অর্থ থাকায় টাকা গণনার কাজ দিনভর চলে এবং সন্ধ্যার দিকে তা শেষ হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ