একাত্তরের ইতিহাস যেন আমরা বিকৃত না করি: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কোনোভাবেই বিকৃত না হয়—এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসও যেন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক কৃতিত্ব হিসেবে উপস্থাপন করা না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে এক স্মরণসভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তারা জাতির গর্ব। তাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশ একটি নতুন বাস্তবতার দিকে এগিয়েছে। রাষ্ট্র তাদের কাছে চিরঋণী থাকবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল। তাই কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের এ আন্দোলনের কৃতিত্ব দাবি করার সুযোগ নেই।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই কারো পৈতৃক সম্পত্তি নয়। আপনারা জুলাইকে বিক্রি করবেন না। জুলাই সার্বজনীন আন্দোলন ছিল, সেটিকে সেভাবেই রাখতে হবে। জুলাইয়ের সব শহীদের মর্যাদা রক্ষা করতে হবে, বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে।
তিনি বলেন, আন্দোলনে বিএনপির পাশাপাশি গণঅধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা মাঠে ছিলেন। তাদের অনেকেও শহীদ ও আহত হয়েছেন। তাই এ আন্দোলনের ইতিহাস কোনোভাবেই এককভাবে দাবি করা উচিত নয়।
মতামত দিন