Views Bangladesh Logo

আসুন আমরা সবাই মিলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করি: তারেক

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দলের লক্ষ্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি গণতান্ত্রিক, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা, যা সবার জন্য বাসযোগ্য ও আনন্দদায়ক হবে।

রাজধানীর আগারগাঁও এলজিইডি মিলনায়তনে শনিবার (১৪ ডিসেম্বর) একদল শারীরিক প্রতিবন্ধী মানুষের সাথে ভার্চ্যুয়ালি মতবিনিময় করেন তিনি।

তারেক বলেন, ‘আসুন আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং উদার সমাজের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কাজ করি। আপনাদের কল্যাণ এবং সাফল্য আমাদের অগ্রাধিকার’।

বিএনপির এই নেতা বলেন, তার দল বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক ক্ষমতায়ন এবং মানবিক মর্যাদা নিশ্চিতের দিকে মনোনিবেশ করে।

তিনি বলেন, বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি পালনের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সমন্বয় করতে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেবে।

তারেক বলেন, তার দল বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য মর্যাদাপূর্ণ, সক্ষম ও সমৃদ্ধ সমাজ গড়তেও বদ্ধপরিকর।

‘আমি এবং আমার দল বিএনপি স্বীকার করি যে, আপনাদের সমস্যা ও দুর্ভোগ বাস্তব ও গভীর। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, এই সংগ্রামে আপনারা একা নন। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের বাধাই আমাদের বাধা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনাদের পেছনে রেখে আমরা কখনোই এগিয়ে যেতে পারব না’- বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ‘প্রতিবন্ধীসহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। আমরা একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, তা হবে সবার জন্য ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক, বাসযোগ্য এবং উপভোগ্য’।

‘আমি রাজনীতিবিদ হিসেবে নয়, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাই, বন্ধু এবং অভিভাবক হিসেবে আপনাদের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার নিয়ে এ ধরনের কর্মসূচিতে যোগ দিয়েছি’- যোগ করেন তিনি।

রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনে তাদের সহযোগিতারও ইচ্ছা প্রকাশ করেন তারেক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ