Views Bangladesh Logo

সুনামগঞ্জে বন কর্মকর্তার সামনেই পিটিয়ে হত্যা করা হলো মেছোবাঘ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ছিলিমপুর এলাকায় বন বিভাগের কর্মকর্তার উপস্থিতিতেই একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। শনিবার (২৫ জুলাই) বিকেলে মরহুম আব্দুল আহাদ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের অবহেলা এবং উদ্ধার তৎপরতার ব্যর্থতার কারণেই ক্ষুব্ধ জনতা বন্যপ্রাণীটিকে পিটিয়ে হত্যা করেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির কেয়ারটেকার ফিরোজ মিয়া উঠানের একটি আমগাছে মেছোবাঘটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাঘটি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. আনিসুর রহমান এবং জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অনিক রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিলেও বন বিভাগের পক্ষ থেকে প্রাণীটি উদ্ধারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাদের দাবি, উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের পরিবর্তে বন বিভাগের কর্মকর্তা শুধু একটি চটের ব্যাগ নিয়ে আসেন, যা দেখে উপস্থিত লোকজন ক্ষোভ প্রকাশ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মেছোবাঘটিকে গাছ থেকে নামায়।

গাছ থেকে নামার পর প্রাণীটি দৌড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতার একাংশ লাঠি ও টেঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ঘটনাস্থলেই মেছোবাঘটির মৃত্যু হয়।

জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর গ্রামের বাসিন্দা ও সাবেক প্যানেল মেয়র সাফরোজ ইসলাম বলেন, বন বিভাগের দায়িত্বহীনতার কারণে একটি বন্যপ্রাণীর এভাবে নির্মম মৃত্যু অত্যন্ত দুঃখজনক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ