Views Bangladesh Logo

বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষায় ২০০ মিলিয়ন ডলারের তহবিল গড়লেন লিওনার্দো ডিক্যাপ্রিও

অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নতুন এক বড় উদ্যোগ নিয়েছেন। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কারণে বিলুপ্তির মুখে থাকা প্রাণী ও উদ্ভিদ রক্ষায় ২০০ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। এটি বিপন্ন প্রজাতি সংরক্ষণে একক উদ্যোগ হিসেবে সবচেয়ে বড় আর্থিক প্রতিশ্রুতিগুলোর একটি।

ডিক্যাপ্রিও ১৯৯৮ সালে ‘লিওনার্দো ডিক্যাপ্রিও ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে কাজ শুরু করেন। পরে ২০২১ সালে পরিবেশ বিজ্ঞানী ও গবেষকদের যুক্ত করে সংস্থাটির নাম পরিবর্তন করে ‘রি: ওয়াইল্ড’ রাখা হয়। বর্তমানে বিশ্বের ৮০টির বেশি দেশে কাজ করছে সংস্থাটি এবং ইতোমধ্যে সাড়ে ৪ কোটি হেক্টরের বেশি বন ও সামুদ্রিক এলাকা সংরক্ষণে ভূমিকা রেখেছে।

নতুন উদ্যোগটির নাম ‘ফিনিক্স স্পেসিস প্রজেক্ট’। এতে ডিক্যাপ্রিওর সংস্থা ‘রি: ওয়াইল্ড’-এর সঙ্গে অংশীদার হয়েছে জেফ বেজোস ও লরেন সানচেজ বেজোস পরিচালিত ‘বেজোস আর্থ ফান্ড’। ২০০ মিলিয়ন ডলারের এই তহবিলের অর্ধেক অর্থ দিচ্ছে বেজোস আর্থ ফান্ড এবং বাকি ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে রি: ওয়াইল্ড। এতে সহ-অর্থায়ন করছে ‘এজ অব ইউনিয়ন’ ও ‘টড গ্রেভস ফ্যামিলি ফাউন্ডেশন’।

সংবাদমাধ্যম এপির তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার, পরিবেশবাদী সংগঠন ও আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে প্রকল্পের জন্য সবচেয়ে সংকটাপন্ন প্রজাতিগুলো নির্বাচন করা হয়েছে। শুধু স্বল্পমেয়াদি সহায়তা নয়, দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে এসব প্রাণী ও উদ্ভিদের সংখ্যা টেকসইভাবে পুনরুদ্ধার করাই এই প্রকল্পের লক্ষ্য।

ফিনিক্স স্পেসিস প্রজেক্টের আওতায় বিশ্বের ৩০টি দেশের ১০০টি অতিবিপন্ন প্রজাতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। তালিকায় রয়েছে মাদাগাস্কারের বিরল লেমুর, নর্থ ক্যারোলাইনার ফুসফুসহীন স্যালামান্ডার, ফিলিপাইনের বুনো শূকর, মেক্সিকোর বিশেষ প্রজাতির ছোট ইঁদুর, গ্যালাপাগোসের গোলাপি ইগুয়ানা, দক্ষিণ-পূর্ব এশিয়ার বনরুই, তানজানিয়ার প্যানকেক কচ্ছপ, কলম্বিয়ার বিরল কুনো ব্যাঙ এবং নিউ গিনির বিলুপ্তপ্রায় লং-বিকড একিডনাসহ আরও বহু দুর্লভ প্রাণী।

পরিবেশবিদদের আশা, বিশ্বজুড়ে বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং বেজোস দম্পতির এই যৌথ উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ