দেশের বাজারে এলো লেনোভোর এআই অল-ইন-ওয়ান পিসি
দেশের বাজারে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুবিধাসম্পন্ন অল-ইন-ওয়ান (এআইও) পিসি সিরিজ এনেছে লেনোভো। আইডিয়াসেন্টার এআই অল-ইন-ওয়ান সিরিজের এসব কম্পিউটারে ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ২ বা লুনার লেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। মডেলভেদে এআই কার্যক্ষমতা সর্বোচ্চ ১১৫ টেরাঅপারেশনস পার সেকেন্ড (টপস) পর্যন্ত।
এআইভিত্তিক বিভিন্ন কাজের জন্য প্রসেসরের পাশাপাশি ডিভাইসগুলোতে নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) রয়েছে। এর ফলে কিছু এআই কাজ সরাসরি কম্পিউটারেই সম্পন্ন করা যাবে। লেনোভোর দাবি, এতে ক্লাউডের ওপর নির্ভরতা কমার পাশাপাশি কাজের গতি বাড়বে এবং ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তাও আরও সুরক্ষিত থাকবে।
হার্ডওয়্যারের দিক থেকে নতুন এআইও পিসিগুলোতে ইন্টেল আর্ক গ্রাফিকস, ১৬ জিবি ডিডিআর৫এক্স ৮৫৩৩ র্যাম এবং ৫১২ জিবি পিসিআইই জেন৪ এনভিএমই এসএসডি রয়েছে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে এফএইচডি আইপিএস প্যানেল, অ্যান্টি গ্লেয়ার প্রযুক্তি, ১০০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৯ শতাংশ এসআরজিবি কালার গামাট। ভিডিও কলের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং অডিওর জন্য হারমানের স্পিকার।
লেনোভোর নতুন এআইও সিরিজে মোট চারটি মডেল রয়েছে। আইডিয়াসেন্টার এআইও এফ০জেওয়াই০০১জেএলকে ও এফ০জেডব্লিউ০০১এএলকে মডেলে কোর আল্ট্রা ৫ ২২৬ভি প্রসেসর ব্যবহার করা হয়েছে। দুটি মডেলেই এআই পারফরম্যান্স ৯৭ টপস। এগুলোর সর্বোচ্চ মূল্য যথাক্রমে ১ লাখ ১৫ হাজার ও ১ লাখ ১৮ হাজার টাকা।
অন্যদিকে এফ০জেওয়াই০০১কেএলকে ও এফ০জেডব্লিউ০০১বিএলকে মডেলে রয়েছে কোর আল্ট্রা ৭ ২৫৬ভি প্রসেসর, ইন্টেল আর্ক ১৪০ভি গ্রাফিকস এবং সর্বোচ্চ ১১৫ টপস এআই পারফরম্যান্স। এই দুই মডেলের সর্বোচ্চ দাম যথাক্রমে ১ লাখ ২১ হাজার ও ১ লাখ ২৫ হাজার টাকা।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে দেশের বাজারে লেনোভোর নতুন এআইও পিসিগুলো পাওয়া যাচ্ছে। প্রতিটি মডেলের সঙ্গে থাকছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।
মতামত দিন