‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ খ্যাত কিংবদন্তি শিল্পী বনি টাইলার আর নেই
আশির দশকের বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী, ওয়েলশ গায়িকা বনি টাইলার আর নেই। ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ ও ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ গানের জন্য বিশ্বজুড়ে খ্যাত এই শিল্পী ৭৫ বছর বয়সে বুধবার (৮ জুলাই) পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বনি টাইলার। চলতি বছরের মে মাসে তার জরুরি অন্ত্রের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে কৃত্রিম কোমায় রাখা হয়েছিল। পরে জ্ঞান ফিরলেও শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। শেষ পর্যন্ত জটিলতার কারণেই তার মৃত্যু হয়।
১৯৫১ সালের ৮ জুন ওয়েলসে গেনর হপকিন্স নামে জন্ম নেওয়া এই শিল্পী ‘বনি টাইলার’ নামেই বিশ্বজুড়ে পরিচিতি পান। তার স্বতন্ত্র কর্কশ কণ্ঠই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ১৯৭৭ সালে ‘ইটস আ হার্টএক’ গান দিয়ে আন্তর্জাতিক সাফল্যের সূচনা হলেও, ১৯৮৩ সালে প্রকাশিত ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ তাকে বিশ্বসংগীতের আইকনে পরিণত করে। গানটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশের সংগীত তালিকার শীর্ষে ওঠে এবং আজও সর্বকালের অন্যতম জনপ্রিয় পাওয়ার ব্যালাড হিসেবে বিবেচিত।
একই সময়ে প্রকাশিত ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। দুটি গানই পরবর্তীতে অসংখ্য চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান ও বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে এবং নতুন প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয়।
পাঁচ দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে বনি টাইলার ১৮টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন। তিনি একাধিকবার গ্র্যামি ও ব্রিট অ্যাওয়ার্ডের মনোনয়ন পান এবং সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের সম্মানজনক এমবিই সম্মাননায় ভূষিত হন।
মতামত দিন