কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল সোমবার তার শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯৩৩ সালে ভারতের বিখ্যাত মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। মাত্র নয় বছর বয়সে তিনি সংগীতজীবন শুরু করেন এবং ১৯৪৩ সালে প্রথম চলচ্চিত্রে গান রেকর্ড করেন। পরবর্তী সময়ে ১৯৫০-এর দশকে বলিউডে তিনি শক্ত অবস্থান গড়ে তোলেন।
তার বড় বোন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মতোই তিনি ভারতীয় চলচ্চিত্র সংগীতে অসাধারণ অবদান রাখেন। তবে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও গায়কী দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেন।
শুরুতে ক্যাবারে ও আধুনিক ধাঁচের গানে পরিচিত হলেও পরবর্তীতে গজল, ধ্রুপদী ও নানা ধরনের গানে তার দক্ষতা প্রকাশ পায়। বিশেষ করে ‘উমরাও জান’ চলচ্চিত্রের গজল তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি সাতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। ‘দিল চিজ কেয়া হ্যায়’ ও ‘মেরা কুছ সামান’ তার জনপ্রিয় গানের মধ্যে অন্যতম।
ব্যক্তিগত জীবনে তিনি প্রথমে গণপতরাও ভোঁসলেকে বিয়ে করেন এবং পরবর্তীতে ১৯৮০ সালে সংগীত পরিচালক রাহুল দেববর্মনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তার মৃত্যুতে ভারতীয় সংগীত জগতে এক যুগের অবসান ঘটল বলে শোক প্রকাশ করেছেন শিল্পী ও ভক্তরা। সূত্র: হিন্দুস্তান টাইমস

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে