Views Bangladesh Logo

প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। রবিবার (২৬ এপ্রিল) ভোরে ভারতের দিল্লিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

অর্ধশতাব্দীরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল তার সমৃদ্ধ কর্মজীবন। পেশাগত জীবনের শুরুতে তিনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। পরে তিনি আলোকচিত্রকেই নিজের প্রধান পেশা হিসেবে বেছে নেন।

মাত্র ২৩ বছর বয়সে বড় ভাইয়ের মাধ্যমে ক্যামেরার সঙ্গে তার পরিচয় ঘটে। এরপর ধীরে ধীরে তিনি একজন খ্যাতিমান ফটোসাংবাদিক ও সম্পাদক হিসেবে পরিচিতি পান।

ভারতের নানা প্রান্ত ঘুরে তিনি দেশের বৈচিত্র্য, সমাজ বাস্তবতা ও মানুষের জীবনচিত্র ক্যামেরায় ধারণ করেন।

সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আধ্যাত্মিক নেতা দালাই লামা, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে এবং চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবি তোলার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তার ক্যামেরায় উঠে এসেছে মাদার তেরেসার মতো মানবিক ব্যক্তিত্বও।

আলোকচিত্রে অবদানের জন্য দেশ-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র ধারণ করে তিনি বিশেষ প্রশংসা অর্জন করেন। ১৯৭২ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

পরিবার জানিয়েছে, আজ সন্ধ্যায় দিল্লির লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ