Views Bangladesh Logo

দেশবরেণ্য সাংবাদিক গোলাম সারওয়ারের ৮৪তম জন্মদিন আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশবরেণ্য সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক সমকাল’র প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত গোলাম সারওয়ারের ৮৪তম জন্মদিন আজ (বুধবার)। ১৯৪৩ সালের এই দিনে বরিশালের বানারীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

গোলাম সারওয়ারকে দেশের আধুনিক সংবাদপত্রের অন্যতম কারিগর বলা হয়। দৈনিক ইত্তেফাক’র তিন দশকের বার্তা সম্পাদক হিসেবে থাকার পাশপাশি দৈনিক যুগান্তর’র প্রতিষ্ঠাতাও তিনি। সমকালের সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় ২০১৮ সালের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

দেশের সাংবাদিকতার প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব গোলাম সারওয়ার ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। সেই থেকে টানা পাঁচ দশকের বেশি তিনি এ পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার নিরবচ্ছিন্ন চর্চায় নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেন। সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য তিনি পান সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময় ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদ’র বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে গোলাম সারওয়ারের সাংবাদিকতা পেশার সূচনা। একই বছর দৈনিক সংবাদ’র সহসম্পাদক হিসেবে যুক্ত হন তিনি। এরপর ১৯৭১ সালে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের পর কয়েক মাস বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাক-এ সিনিয়র সহসম্পাদক হিসেবে যুক্ত হন তিনি। এরপর ১৯৯৯ সাল পর্যন্ত যথাক্রমে প্রধান সহসম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মেধা, নিষ্ঠা ও দক্ষতায় উৎকর্ষের কারণে গোলাম সারওয়ারকে অনেকেই ‘সাংবাদিকদের শিক্ষক’ হিসেবে অভিহিত করেন। তিনি বাংলাদেশের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সম্পাদক পরিষদেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ