Views Bangladesh Logo

ধর্ষণের শিকার কিশোরীর ছবি প্রকাশ, চকরিয়ার ওসিকে লিগ্যাল নোটিশ

ধর্ষণের শিকার এক কিশোরীর ছবি ও পরিচয় প্রকাশের অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার বরাবর নোটিশটি পাঠানো হয়।

বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, একাধিক জাতীয় দৈনিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ধর্ষণের শিকার এক কিশোরীর ছবি চকরিয়া থানার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে; এ নিয়েই ওসি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

নোটিশ অনুযায়ী, ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার ব্যক্তির পরিচয়, ছবি কিংবা পরিচয় শনাক্ত করা যায় এমন তথ্য প্রকাশ করা দেশের প্রচলিত আইন, মানবাধিকার নীতি ও ভিকটিম সুরক্ষা নির্দেশিকার পরিপন্থী। যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের ছবি ও পরিচয় প্রকাশ থেকে বিরত থাকতে হাইকোর্টও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, গণমাধ্যমে আসা অভিযোগ সত্য হলে তা হাইকোর্টের নির্দেশনার লঙ্ঘন এবং ভুক্তভোগীর মৌলিক অধিকার ক্ষুণ্ন করার শামিল। এ ধরনের কর্মকাণ্ড ভুক্তভোগীর মানসিক, সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলতে পারে।

নোটিশে পাঁচ দফা দাবি তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে—ঘটনার বিষয়ে অবিলম্বে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন; অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ওসি ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা; ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করা যায় এমন সব তথ্য দ্রুত অপসারণ; ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে পুলিশ সদস্য ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারীদের জন্য নির্দেশনা জারি; এবং নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গৃহীত পদক্ষেপ লিখিতভাবে জানানো।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বার্থে এবং সংবিধান ও আইনপ্রদত্ত অধিকারের ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ