Views Bangladesh Logo

গ্রাহকের ডাটা ফাঁস ও অবহেলার অভিযোগে ‘স্বপ্ন’র বিরুদ্ধে আইনি নোটিশ

দেশের অন্যতম খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ‘স্বপ্ন’র বিরুদ্ধে গ্রাহকের ডাটা ফাঁস ও গুরুতর অবহেলার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ নোটিশ প্রেরণ করা হয়।

সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার লুৎফে জাহান পূর্ণিমা এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ২০২৫ সালের আগস্টের দিকে স্বপ্ন’র গ্রাহক ডাটাবেজে বড় ধরনের নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটে। এতে অননুমোদিত তৃতীয় পক্ষ গ্রাহকদের ব্যক্তিগত তথ্যে প্রবেশ করে এবং তথ্য প্রকাশ না করার শর্তে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে নাম, মোবাইল নম্বর ও ক্রয় সংক্রান্ত সংবেদনশীল তথ্য অনলাইনে ফাঁস হয়ে যায় বলে অভিযোগ করা হয়।

এতে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির ডাটা সুরক্ষা ব্যবস্থা ছিল দুর্বল, ফলে গ্রাহকদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রাখা সম্ভব হয়নি। পাশাপাশি দীর্ঘ সময় বিষয়টি জানার পরও গ্রাহকদের অবহিত করা হয়নি, যার ফলে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ পাননি।

নোটিশে অভিযোগ করা হয়েছে, সিস্টেম নিয়ন্ত্রণে আনার দাবি করা হলেও চুরি হওয়া ডাটা কার্যকরভাবে সুরক্ষিত বা নিষ্ক্রিয় করা হয়নি, যা গুরুতর অবহেলার শামিল।

এ ঘটনাকে সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের অধীনে নাগরিকদের সমতা, আইনি সুরক্ষা ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে সাত দিনের মধ্যে স্বপ্ন কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের তালিকা প্রদান, ডাটা ফাঁসের বিষয় নিশ্চিতকরণ, ক্ষতিপূরণ ব্যবস্থা চালু, সাইবার নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব পদক্ষেপ না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে জনস্বার্থে রিটসহ প্রয়োজনীয় দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ